আশুলিয়ায় বিএটির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৩:৪২
সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে। তবে দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান সমকালকে বলেন, খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং তা নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
- বিষয় :
- গুদামে আগুন
- আশুলিয়া
- ফায়ার সার্ভিস