অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
আবদুল ওয়াহেদ। ছবি: সংগৃহীত
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৭:০৩ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ১৭:১৪
জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক অভিযুক্ত ও বহিষ্কৃত সাবেক উপজেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল।
বুধবার দুপুরে র্যাব-১৪, জামালপুর সিপিসি-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরবর্তীকালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব-১৪ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
উল্লেখ্য, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ কেলেঙ্কারির ঘটনায় ২০২৫ সালে আবদুল ওয়াহেদকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
- বিষয় :
- অর্থ আত্মসাৎ
- জামায়াত নেতা