ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু
×

টানা ভারী বৃষ্টির কারণে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়ে। ছবি-সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৮:১৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পের একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়লে মাটিচাপা পড়ে শিশুটি মারা যায়। নিহত নুনুজিয়া উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, টানা ভারী বৃষ্টির কারণে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় রোহিঙ্গা শিশু নুনুজিয়া। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী বলেন, বর্ষা মৌসুমে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেক পরিবার পুনরায় ঝুঁকিপূর্ণ স্থানে ফিরে যাচ্ছে। ফলে পাহাড়ধসসহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

এদিকে চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা বেড়েছে। গত জুলাই মাসে কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ও দেয়াল ধসের পৃথক ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ এ ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে।

ক্যাম্প প্রশাসন জানিয়েছে, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

আরও পড়ুন

×