নেসকোসহ সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে, কোনও কন্ট্রাক্টরের কথায় বগুড়া যাবে না: ভূমিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি- শরিফুল ইসলাম তোতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৯:৩২ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ১৯:৩৪
নেসকোসহ রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোনও কিছুই রাজশাহী থেকে বগুড়া যাবে না। কোন কন্ট্রাক্টর, কোথায় কী বলল তাতে কিছু আসে যায় না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় নিয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম এক অনুষ্ঠানে বলেছেন, ‘রাজশাহীওয়ালারা সারাদিন চিৎকার করে। কোথায় রাজশাহী, কোথায় পঞ্চগড় পর্যন্ত এই বিদ্যুৎ সার্ভিস। আপনাদের (রাজশাহীর) ব্যাথা লাগে কেন, ব্যাথা লাগায়েন না ভাই। হোক না বগুড়ায় হেড অফিস, আপনারা জোনাল অফিস নেন। এখন বগুড়ায় কিছু হলেই মনে হয় সব বগুড়ায় নিয়ে আসছি। সব জেলায় হচ্ছে। বগুড়ারটা আলোচনা বেশি হচ্ছে। বগুড়ায় সড়ক ও জনপথ বিভাগের জোন অফিস ছিলোনা, এখন একটি জোন অফিসও হয়েছে। পারলে ঠেকান।’
এরপর থেকেই মীর শাহে আলমের বক্তব্যকে ঘিরে রাজশাহীতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ আলোচনার মধ্যে এবার কথা বলেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোনো কন্ট্রাক্টর কোথায় কী বলল, তাতে কিছু আসে যায় না। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী হবে ফ্রার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্খা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তাই কোন কন্ট্রাক্টর, কোথায় কী বলল তাতে কিছু আসে যায় না।’
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সময়ে বগুড়াকে পৃথক বিভাগ করার দাবিতেও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।