পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ২২:০২
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সকালে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
আলোচনা সভা শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ধারাবাহিকতার কথা তুলে ধরেন। তিনি ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ অবস্থানই ইতিহাসে পরিবর্তন এনেছে।
তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাইযোদ্ধা মো. ইয়াসিন। তিনি আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার অভিজ্ঞতা, চিকিৎসা ও পুনর্বাসনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আকতার হোসেনের সভাপতিত্বে এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক রেহানা আক্তার তামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। এছাড়া বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা এবং সেকশন অফিসার নিগার সুলতানা।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন গণিত বিভাগের নিপা মনি বানু, মনোবিজ্ঞান বিভাগের মনজুর মিসবাহ, পরিসংখ্যান বিভাগের আরিফ মন্ডল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মীর এ কে সাজিদ। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্য, সহিংসতা ও বিভেদমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- জুলাই গণঅভ্যুত্থান দিবস