ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চারখাই-গোলাপগঞ্জ অংশ বেহাল

চারখাই-গোলাপগঞ্জ অংশ বেহাল
×

সিলেটের চারখাই-গোলাপগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ। বুধবারের ছবি সমকাল

 গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারখাই-গোলাপগঞ্জ-সিলেট অংশসহ ঢাকাদক্ষিণ, শিকপুর ও ভাদেশ্বর সংযোগ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে পূর্ব সিলেটের কয়েক লাখ মানুষের প্রতিদিনের যাতায়াত পরিণত হয়েছে চরম দুর্ভোগ ও আতঙ্কে। দীর্ঘ ৫০ কিলোমিটারের এই ব্যস্ততম সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল, গর্ত ও কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে ঢেকে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর সড়কটিতে কোনো বড় ধরনের টেকসই সংস্কার কাজ হয়নি। মাঝে মাঝে কাদামাটি চাপা দেওয়া কিংবা ইট-সোলিংয়ের সাময়িক প্রলেপ দেওয়া হলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে আবার আগের বেহাল অবস্থায় ফিরে যায়। বর্ষায় গর্তে পানি জমে সৃষ্টি হয় তীব্র যানজট, আর শুষ্ক মৌসুমে ধুলাবালুতে পরিবেশ হয়ে ওঠে বিষাক্ত। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী যাত্রী এবং জরুরি রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় অটোরিকশা চালক জিলু মিয়া জানান, গর্তে চাকা আটকে কিংবা গাড়ি উল্টে বড় দুর্ঘটনার ঝুঁকি থাকে। দীর্ঘ যানজটের কারণে অনেকেই এখন এই সড়কে যাত্রী নিয়ে সিলেট শহরে যেতে চান না।
অন্যদিকে ঢাকাদক্ষিণ এলাকার বাসিন্দা সাকিব আল মামুন আক্ষেপ করে বলেন, অসুস্থ কোনো রোগী সময়মতো হাসপাতালে না পৌঁছাতে পারলে সে মৃত্যুর দায় কে নেবে? জনগণের ট্যাক্সের টাকায় চলা এত গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কার করার উদ্যোগ না নেওয়া দুঃখজনক।
পূর্ব সিলেট অঞ্চলের জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা এটি। একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রথম শর্তই হলো নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। তাই হাজার হাজার মানুষের চলাচলের এই দুর্ভোগ কাটাতে এবং বড় কোনো প্রাণহানি ঘটার আগেই সড়কটির দ্রুত ও টেকসই পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী জনগণ।

আরও পড়ুন

×