রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১১:২৪ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১১:২৫
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ শিক্ষকের বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১২ আগস্টের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সাজ্জাত হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক ইসরাফুল হক।
মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে গোপন তৎপরতা চালানো হচ্ছিল। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক ওই গ্রুপের সদস্য বলে উল্লেখ করা হয়।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটি অভিযোগের সত্যতা যাচাই করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষক থাকলে তাদের চিহ্নিত করবে, করণীয় নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকরা বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন কি না, তাও তদন্ত করবে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুলস এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘চিঠি পেয়েছি। আগামী শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করব। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।’