ক্রিকেটার সাকিবের বাড়িতে হামলা: জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ
ছবি: সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৫:৩৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৫:৪৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে ইট-পাটকেল ছোড়া, বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা সাকিবের বাড়িতে ইট-পাটকেল, বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে যায়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রতিবেশী আহসান হাবিব জানান, বুধবার রাত ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও কালচে পোড়া চিহ্ন দেখা যায়। একই সময় বাড়ির জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। আমার ধারণা একাধিক মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
- বিষয় :
- সাকিব আল হাসান
- হামলা
- মাগুরা