ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শহীদদের ত্যাগের পর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

শহীদদের ত্যাগের পর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী
×

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ২০:১৯

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগের ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়েছে। বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অসংখ্য মানুষ অকাতরে সংগ্রাম করেছেন। অনেকেই কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আবার অনেকে জীবন দিয়েছেন। আজকের অর্জন তাদেরই ত্যাগের ফসল।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, নীরবে-নিভৃতে নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। ফ্যাসিবাদের সময় যখন অনেকেই নান্দাইলে বিএনপির নেতৃত্ব দিতে সাহস পাননি, তখন আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি।

তিনি বলেন, তারেক রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রামের বীজ রোপণ করেছিলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার ঐতিহাসিক সফলতা অর্জিত হয়েছে। আজ সেই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা দেন। তিনি বলেন, তালিকাভুক্ত শহীদ পরিবারগুলোর জন্য আগামী দুই মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ করা হবে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে তাদের বাড়িতে নলকূপ স্থাপন করা হবে। নান্দাইলের শহীদ পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ দেওয়ারও ঘোষণা দেন তিনি।

নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ জুবায়ের ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলী, শহীদ হুমায়ুন কবিরের বড় ভাই মোহাম্মদ আলী, জুলাই যোদ্ধা শেখ সাদী, জুলাই যোদ্ধা রানা হোসেন, ছাত্রদল নেতা পিয়াস হোসেন, যুবদল নেতা হাকীকুজ্জাম নওফেল, জুলাই আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম শাহীন, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদের।

আরও পড়ুন

×