মাদ্রাসায় ভর্তি নিয়ে অভিমান, লঞ্চে ঢাকার পথে ১৩ বছরের মেয়ে
প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৪:০২
চাঁদপুরে পরিবারের অমতে মাদ্রাসায় ভর্তি করানোয় অভিমান করে কাউকে কিছু না জানিয়ে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠে পড়ে ১৩ বছর বয়সী এক শিশুকন্যা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে নৌ পুলিশের তৎপরতায় ঢাকার সদরঘাট থেকে তাকে উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বৃহস্পতিবার এ তথ্য জানান।
৯৯৯ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯-এ ফোন করে জানান, এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। এতে অভিমান করে সে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে চলে যায়। পরে জানা যায়, শিশুটি চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী ‘ইমাম হাসান’ লঞ্চে উঠেছে।
খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ চাঁদপুর সদর নৌ পুলিশ ও ঢাকা সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি জানায় এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় করে।
পরে লঞ্চটি সদরঘাটে পৌঁছালে ঢাকা সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা শিশুকন্যাটিকে উদ্ধার করেন। পরে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- চাঁদপুর
- মাদ্রাসায় ভর্তি