নওফেলের চশমা হিলের বাসায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, আগুন
আগুনে জ্বলছে বাসভবন (ছবি- বোরহানুল হাসান চৌধুরীর ফেসবুক থেকে নেওয়া)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ১৮:০৪
সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাঁচলাইশ থানার চশমা হিলের বাসায় এ ঘটনা ঘটে। ৬-৭ জনের একটি দল তাঁর বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুন ধরে যায়।
পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চশমা হিলের ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল। কয়েক দফায় হামলাও করা হয়।
মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।
চশমা হিলের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। তিনি বলেন, বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হলে আগুন লেগে যায়। লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গত দুই বছরে চশমা হিলের বাসভবনটিতে এবারসহ চার দফায় হামলা হলো। ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাসভবনটি খালি পড়ে আছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসাটির ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।