ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
×

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (৩৩)

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ১৯:১৮

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার মহিষারন এলাকা থেকে তাকে গ্রেপ্তা‌র করা হয়।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর।

মামলার অভিযোগ ও র‍্যাব সূত্রে জানা গেছে, প্রতিবেশী সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে (১৫) কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার কথা বলে আসছিলেন রিপন মিয়া। গত ১ আগস্ট শনিবার রাতে ওই কিশোরীকে জরুরি কথা আছে বলে মগড়া নদীর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ৫ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় রিপন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পরপরই রিপন মিয়া আত্মগোপনে চলে যান।

র‍্যাব-১৪ সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, ঘটনাটি জানার পরপরই র‍্যাব অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মহিষারন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তা‌র করা হয়।

অভিযুক্ত রিপন মিয়াকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর র‍্যাব- ১৪ ময়মনসিংহের গৌরীপর থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে থানায় আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আগামীকাল শনিবার আদালতে তোলা হবে রিপন মিয়াকে।

পেশায় রাজমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সাল থেকে ফেসবুকে ভিডিও তৈরি করছেন। ‘হাই আই এম রিপন ভিডিও’ ও ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ এসব সংলাপের ভিডিও দিয়ে তিনি পরিচিতি পান। ২০১৯ সালে ‘রিপন মিয়া’ নামে ফেসবুকে একটি পেজ খোলেন। পেজটিতে বর্তমানে ফলোয়ারের সংখ্যা ১৯ লাখ।

আরও পড়ুন

×