ঢাকা-ময়মনসিংহ রুট
বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২১:০২
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি উদ্ধার করা হয়েছে। লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে বিকট শব্দে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর পরই ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা প্রচেষ্টার পর ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে লাইন সচল করা হয়। ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, বগি লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ট্রেন চলাচল
- বগি লাইনচ্যুত