বগুড়ায় সকালে ৭ জনের প্রাণহানির পর আরেক দুর্ঘটনায় দম্পতি নিহত
ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২১:০৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ | ২২:২৮
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় তাদের সঙ্গে থাকা ৫ বছরের নাতনি আহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এরুলিয়ার বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার আটাপাড়া এলাকার বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বেগম (৪৩)। নিহত বাবুল হোসেন পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
পুলিশের এই কর্মকর্তা জানান, মিষ্টির প্যাকেট নিয়ে দাওয়াত খেতে মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন বাবুল হাসান। এ সময় তার স্ত্রী ও নাতনি সাবিয়া (৫) সঙ্গে ছিলেন। এ সময় একইদিক দিয়ে যাওয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তার স্ত্রী জেসমিন ও নাতনিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতনি সাবিয়া চিকিৎসাধীন।
ওসি ইব্রাহীম আলী আরও বলেন, এ ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।
গুরুতর আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
- বিষয় :
- বগুড়া
- সড়ক দুর্ঘটনা
- দম্পতি নিহত