ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০২:৪৪

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রি মাইদুলের ঘরে গ্যাস জমে যায়। ভোরে মাইদুল লাইটার জ্বালালে বিকট শব্দ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ। আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যেকোনোভাবে ঘরটিতে গ্যাস লিকেজ হয়ে জমাট বাঁধে। শুক্রবার ভোরে ঘরের বাসিন্দা মাইদুল যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যায় তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

×