ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বন্যায় ঘর হারানো ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

চট্টগ্রামে বন্যায় ঘর হারানো ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর
×

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৩:৫৫

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। রোববার বাঁশখালী সফরে গিয়ে এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব তথ্য জানান। এর আগে জেলা প্রশাসক অনুষ্ঠানস্থল, হেলিপ্যাড, নিরাপত্তাব্যবস্থা ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জেলে সম্প্রদায়সহ মাটির ঘরে বসবাসকারী অনেক পরিবারের ঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। এসব পরিবারকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর নির্মাণ করা হচ্ছে।

বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে মোট ১০০টি পরিবারকে নতুন ঘর দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। ঘরে থাকবে দুটি কক্ষ। এর সঙ্গে ৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগারও নির্মাণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে ঘরগুলোতে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হচ্ছে।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। তিনি সন্তানদের নিয়ে বসবাস করেন। তাঁর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করা হবে।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখান থেকে তিনি হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করবেন। সন্ধ্যায় চট্টগ্রাম শহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

×