চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৪:০৭
বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলকে ঘিরে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার সকালে চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকা পরিদর্শন শেষে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। এর প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো। একই সঙ্গে চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় রয়েছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিলের জীববৈচিত্র্যও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
তিনি বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে চলনবিলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা যাচাই করা হবে।
দুই দিনের সফরে চলনবিলসহ নাটোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী। ঢাকা ফেরার পথে শনিবার সকালে তিনি চলনবিলের মান্নান নগর এলাকায় যান। সেখানে প্রস্তাবিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফছার আলীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
- বিষয় :
- পর্যটনমন্ত্রী
- চলনবিল
- সিরাজগঞ্জ