ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার অভিযোগে মারামারি, আহত ৩

বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার অভিযোগে মারামারি, আহত ৩
×

খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৬:০৮

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে অতিথিদের মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কনেপক্ষের বেলাল হোসেন (৪০) ও মো. শাহিনুর (৪০) এবং বরপক্ষের মো. ইয়াসিন (২২)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিরা খাবার খেতে বসেন। খাবার পরিবেশনের একপর্যায়ে বরপক্ষের একজন অভিযোগ করেন, তাদের মাংস কম দেওয়া হয়েছে। এ নিয়ে কনেপক্ষের লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুজন বাড়ি ফিরে যান। তবে বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, বিয়েবাড়িতে মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কনের বাবা বলেন, খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারি শুরু হয়। তিনি দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। বিয়ের আনুষ্ঠানিকতা খাবার পরিবেশনের আগেই শেষ হয়েছিল। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা বিব্রত।

ঘটনার পর দুই পক্ষের মধ্যে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, তারা ঘটনাটি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। দুই পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করবেন বলে তিনি শুনেছেন।
 

আরও পড়ুন

×