ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
×

সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৭:১৩

গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত এক শিবির কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ওই শিবির কর্মীর নাম সালাউদ্দিন (২৬)।

শনিবার  সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ফেরদাউস রুম্মন।

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালাউদ্দিন। একই ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন।

স্থানীয়রা জানায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সাঘাটা উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ, সালাউদ্দিন ও সাইফুল্লাহ বারীর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

এর কিছুক্ষণ পর সাঘাটা উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় সালাউদ্দিন ও সাইফুল্লাহ বারী দাঁড়িয়ে ছিলেন। এ সময় মুকুল মিয়া, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলামসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন।

হামলাকারীরা প্রথমে সালাউদ্দিনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে সাইফুল্লাহ বারীকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সেখানেই ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

ফেরদাউস রুম্মন বলেন, দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর সালাউদ্দিন মারা গেছেন। প্রথম জানাজা ঢাকায় এবং সন্ধ্যা ৭টায় গাইবান্ধায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×