ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
×

শনিবার হাফিজুর রহমানকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করে পিবিআই। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৭:৪০

দশ বছর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করে পিবিআই। এ সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান।

চলতি বছরের ২২ এপ্রিল তাকে গ্রেপ্তা‌র করে কারাগারে পাঠানো হয়। ২ আগস্ট হাফিজুর রহমানকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। পরে ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করায় শনিবার সকাল ৮টার দিকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম সমকালকে বলেন, উচ্চ আদালতে তিনি (হাফিজ) জামিন পেলেও চেম্বার জজ আদালতে তা স্থগিত হয়ে যায়। হাফিজকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হলেও তিনি তা না করায় শনিবার তাকে গ্রেপ্তার করে পিবিআই।

তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ প্রতিবেদন হাতে পেয়েছি। আদালতে তা জমা দিয়েছি। তবে তনুর ডিএনএর সঙ্গে হাফিজুরের ডিএনএ ম্যাচ করেছে কিনা এ নিয়ে এ তদন্ত কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পরদিন তনুর বাবা (ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক, বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে তাকে অবসরে পাঠানো হয়।

আরও পড়ুন

×