ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনা

নিহতের পরিবারকে ৫ লাখ টাকা করে দেবে সরকার

নিহতের পরিবারকে ৫ লাখ টাকা করে দেবে সরকার
×

শুক্রবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাস। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:০১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:২২

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুটি বাসের সংঘর্ষে হতাহতরা সরকারি অনুদান পাচ্ছেন। এর মধ্যে নিহতরা পাবেন ৫ লাখ টাকা করে। এছাড়া আহতদের মধ্যে যারা পঙ্গুত্ব বরণ করতে পারে তারা তিন লাখ ও চিকিৎসাধীন আহতরা চিকিৎসার জন্য এক লাখ টাকা করে পাবেন। শনিবার সিলেট ওসমানী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ অনুদানের কথা জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। 

মন্ত্রী জানান, সড়ক পরিবহন ও সেতু কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে সহায়তার আবেদন ফরম হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের বিষয়টি জেলা প্রশাসন দেখভাল করবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। চালকরা যাতে নির্ধারিত গতির মধ্যে গাড়ি চালায় তার নজরদারি করা হবে। সকালের দিকে রাস্তা ফাঁকা থাকার সুযোগে অনেক চালকের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। 

ফ্লাইওভারে যেভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও গতি নিয়ন্ত্রণের বিষয়টি হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করার কথা জানান আরিফুল হক চৌধুরী। 

তিনি বেপরোয়া গাড়ি চালানো রোধে চালকদের আইনের আওতায় আনারও আহ্বান জানিয়ে বলেন, সিলেট-শেরপুর অংশে বেশি দুর্ঘটনা ঘটে। ফোর-লেন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জুলাই মাসে ৩১ জনের প্রাণহানি 

গত জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৭৫ জন। নিহতদের ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

×