ডিসেম্বর থেকে আন্দোলন শুরুর ঘোষণা ইনকিলাব মঞ্চের
ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০১:৫০
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আগামী ১৩ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ১৮ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘জুলাইয়ের বিজয়গাথা ও বাংলাদেশপন্থি সংস্কৃতির নবসূচনা’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা না গেলে দেশের মানুষ দীর্ঘদিন ডিপ স্টেটসহ নানা তথ্যের বাঁকে ঘুরপাক খেতে থাকবে।
অনুষ্ঠানে জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার যদি আমরা করি, তাহলে হাদি ভাই ব্যক্তিগতভাবে কী পাবেন? তিনি তো মারা গেছেন, শহীদ হয়েছেন। তিনি কেন বলে গেছেন, আমাকে যদি মেরে ফেলা হয়, বিচারটা করবেন? এই বিচার তিনি নিজের জন্য চাননি, বাংলাদেশের স্বাধীনতার জন্য এই বিচার চেয়েছেন। শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক আছে। হাদি ভাইয়ের হত্যার বিচার বাংলাদেশে হতেই হবে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার হয় না, আন্দোলনের জন্য গোছানো পরিবেশ দরকার।
হাদি হত্যার বিচার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত দিতে হবে শহীদ ওসমান হাদির বিচার করবে কি করবে না। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ১৩ ডিসেম্বর থেকে শাহবাগে জমায়েত শুরু করার পরিকল্পনা রয়েছে। ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে সরকারের যে অবস্থা, তাতে আমরা খুব একটা আশা দেখছি না। সেই জায়গা থেকে ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ ৬৪ জেলা সফর করব এবং ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাশীদার লিড ভোকালিস্ট আহমেদ আতাউল্লাহ সালমান, ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ, সার্চ কমিটির কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও অ্যানালিস্ট ডা. মো. আরিফ মোর্শেদ খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলামসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কুমিল্লা
- হাদি হত্যা
- ইনকিলাব মঞ্চ