ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন
ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার আলোক প্রজ্বালন সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:৫৫
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যায় অভিযুক্ত ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, চব্বিশের অভ্যুত্থানে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সেই প্রত্যাশিত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। কর্মসূচি থেকে দীর্ঘদিন বিচার ঝুলে থাকার সমালোচনা করে অবিলম্বে দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ত্বকীর বাবা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শামীম ওসমান, ঘাতক আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
রফিউর রাব্বি বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৩ বছর আমরা ত্বকী হত্যার বিচার দাবি করে আসছি। শুধু ত্বকী নয়, নারায়ণগঞ্জে ওসমান পরিবারের হাতে নিহত অন্তত ২০ জন এবং দেশজুড়ে সাগর-রুনি ও তনু হত্যার বিচার নিয়েও আমরা সোচ্চার। কিন্তু এখনও কোনো দৃশ্যমান বিচার হয়নি।’ তাঁর অভিযোগ, ২০১৪ সালেই র্যাব তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের কথা জানিয়েছিল, কিন্তু তা আলোর মুখ দেখেনি। রাজনৈতিক কারণে সেই অভিযোগপত্র আটকে রাখা হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন– শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, ন্যাপ জেলা সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেন প্রমুখ।
- বিষয় :
- ত্বকী হত্যা