ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গুরুতর অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

গুরুতর অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন
×

জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৪:১১

মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় তাকে ঢাকায় নেওয়া হয়।

ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে সিমন মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রামেক হাসপাতালে তার জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করা হয়।

তবে সিমনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রয়োজন দেখা দেয়। চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থায় সড়কপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ। পরে চিকিৎসকদের পরামর্শে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।

আইবিএর পরিচালক অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, সিমনের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাকে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আইসিইউ শয্যার ব্যবস্থার ক্ষেত্রেও উপাচার্য সহযোগিতা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, সিমনের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই চিকিৎসার বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×