চাঁদপুর
সিভিল সার্জনকে সকালে বদলির নির্দেশ, বিকেলে ‘সাধারণ ক্ষমা’
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৭:০১
হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তবে কয়েক ঘণ্টা পর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে সিভিল সার্জনকে ‘এবারের মতো সাধারণ ক্ষমা’ করে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে নেন মন্ত্রী।
রোববার সকালে আকস্মিক ঝটিকা সফরে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে তিনি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন তিনি।
পরে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সিভিল সার্জনের সঙ্গে কথা বলার পর তাঁর তাৎক্ষণিক বদলির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।