জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ, সমন্বয়হীনতার অভিযোগ
মুহিবুল্লাহ শেখ জিসান
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৮:৩৯
দায়িত্ব পালনে সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান পদত্যাগ করেছেন। গতকাল রোববার জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।
পদত্যাগপত্রে জিসান লেখেন, ‘দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে আমার সঙ্গে যথাযথ সমন্বয় না করে সিদ্ধান্ত গ্রহণ, আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রশাসনিক প্রভাবের কারণে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মর্যাদা আমি সবসময় পাইনি।’
তিনি আরও লেখেন, ‘বিশেষ করে সাম্প্রতিক একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত পরিবর্তন এবং অনুষ্ঠান চলাকালে আমাকে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে বাধ্য করা এবং এর কারণে সৃষ্ট হট্টগোলের ঘটনা আমাকে গভীরভাবে হতাশ করেছে। এছাড়াও এই ঘটনার জন্য মঞ্চে আমাকে দুঃখ প্রকাশ করার ক্রমাগত চাপ প্রয়োগ করা হয়েছে।’
জিসান বলেন, ‘একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের প্রভাবাধীন হয়ে কাজ করতে পারেন না।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমার নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে এই পদে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
সূত্র জানায়, গত ৬ আগস্ট রাতে জাবির সেলিম আল-দীন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন। ওই অনুষ্ঠানে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসানকে উপস্থাপনা করতে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব উপস্থাপনা করেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে জাকসুর ভিপি, ছাত্রদলের আহ্বায়কসহ একাধিক ছাত্রদল নেতার নাম ঘোষণা করাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয় বলেও জানা গেছে। এ ঘটনায় জিসানকে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ ওঠে বলে জানা গেছে।
- বিষয় :
- জাকসু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- পদত্যাগ