ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

এমপির পোস্টের জেরে বিএনপি নেতা লিখলেন ‘চোরের মায়ের বড় গলা’

এমপির পোস্টের জেরে বিএনপি নেতা লিখলেন ‘চোরের মায়ের বড় গলা’
×

শাহাদাত হোসেন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৯:১৩ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ১৯:২৪

ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামালের ফেসবুক পোস্টের পর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ফেসবুকে লিখেছেন ‘চোরের মার বড় গলা’। শনিবার রাতে রাতে তিনি এ পোস্ট দেন। 

সামাজিক মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিবের পাল্টাপাল্টি পোস্টকে কেন্দ্র করে জেলা বিএনপিতে বিভাজনের বিষয়টি পরিষ্কার ফুটে উঠেছে। 

সম্প্রতি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এক ফেসবুক পোস্টে লিখেন, ‘ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, তাদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খাচ্ছেন এবং স্বৈরাচার পতনের পর বিএনপির মামলায় অনেককে আসামি না দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন।’ 

পোস্টের এক পর্যায়ে তিনি আরও লেখেন, মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিরস্কারের সুরে বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই জুলাই শহীদদের জন্য একটু দোয়া-মোনাজাতও করতে পারেননি। 

শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রচলিত প্রবাদ আছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। চোরের মায়ের বড় গলা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।’ তাঁর এই পোস্টের পর অনেকেই প্রচুর শেয়ার করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে গত শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সমকালকে বলেন, ‘আমি আসলে কাউকে উদ্দেশ্য করে সামাজিক  মাধ্যমে এসব লিখিনি। এখন যদি কেউ এটা নিজের গায়ে টেনে নেয়, সে দায়িত্ব তো আমার না।’

আরও পড়ুন

×