নবম শ্রেণির ছাত্রীর প্রেমের টানে মনিরামপুরে চীনা প্রকৌশলী
ইউ লিয়াংলিয়াং
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২০:০৪ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ২০:২৬
অনলাইন প্ল্যাটফর্মে পরিচয়ের সূত্র ধরে যশোরের মনিরামপুরে নবম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে হাজির হয়েছেন চীনের ৪২ বছর বয়সী এক প্রকৌশলী। রোববার সকালে তিনি উপজেলার হুরগাতী গ্রামে ওই ছাত্রীর বাড়িতে যান। ইউ লিয়াংলিয়াং নামের ওই চীনা আকস্মিক বাড়িতে হাজির হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে মেয়েটির পরিবার।
ইউ লিয়াংলিয়াং জানিয়েছেন, তিনি চীনের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত। তার বাড়ি চীনের পূর্ব উপকূলীয় শানডং প্রদেশে। তিন মাস আগে ‘ওয়ার্ল্ড চ্যাট’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে মনিরামপুরের একটি মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব হলেও একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ইউ লিয়াংলিয়াং জানান, ২০ দিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন। এ দেশে তার পরিচিত কেউ না থাকায় সরাসরি ওই ছাত্রীর বাড়িতে চলে আসেন। মেয়েটির পরিবারের সম্মতি পেলে তাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি।
ওই ছাত্রীর দাবি, শুধু বন্ধুত্বের টানে তার বাড়িতে এসেছেন ওই চীনা। পাসপোর্টের তথ্য অনুযায়ী, ইউ লিয়াংলিয়াংয়ের বাবার নাম ইউ সংউই এবং মা কিউই জুয়েজুয়ান। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।
মেয়েটির বাবা দিনমজুরের কাজ করেন। দুই ভাই-বোনের মধ্যে মেয়েটি বড়। হঠাৎ একজন বিদেশি বাড়িতে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মেয়েটির মা জানান, ওই চীনার সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা তার নেই।
এদিকে ইউ লিয়াংলিয়াংকে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মেয়েটির বাড়িতে আসছেন অনেকে।
- বিষয় :
- যশোর
- চীনা নাগরিক
- প্রেম
- বিয়ের অনুষ্ঠান