ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
×

রাত ১১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি-সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ০২:২৮

সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে রাত ১১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 

রোববার রাত সোয়া ১২টার দিকে ইয়াসিনের মৃত্যুর খবর নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান জানান, তিনি ঢাকা মেডিকেলে আছেন। রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিন মারা যান। তার মরদেহ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মৃত্যুঞ্জয় মাসুদ বলেন, ইয়াসিন আরাফাতের মৃত্যুর খবর পেয়ে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা এর আগে রাত ৮টার দিকে সড়ক নিরাপত্তা ও আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভারসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। ঘণ্টাখানেক পর সড়ক থেকে উঠে যায় তারা। মৃত্যুর খবর পেয়ে তারা আবার সড়ক অবরোধ করে।

শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাস্তা মেরামতসহ নানা ধরনের দাবি জানালেও তা পূরণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু আদায় হয় না।

আরও পড়ুন

×