কুমিল্লা ওয়াসা বোর্ডের প্রথম চেয়ারম্যান ওয়াসিম
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ০৫:৩৩
নবগঠিত কুমিল্লা ওয়াসা বোর্ডের প্রথম চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি কুমিল্লা নগরীর মুন্সেফ বাড়ি এলাকার আবদুর রহিম মাহমুদ ও জাহানারা মাহমুদ দম্পতির ছেলে।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন-২০২৬-এর ৭ (১) ধারা অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো। ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি (সহসভাপতি) ছিলেন। ১৯৯৮ সালে ছাত্রশিবিরের সঙ্গে যৌথ প্যানেল দিয়ে ওয়াসিম ভিপি হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি।
গত ১৩ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক সভা হয়। সেখানে কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, বিএনপি ক্ষমতায় আসার প্রায় ছয় মাসের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হন।