নারায়ণগঞ্জ
টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:২৬
সোনারগাঁয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা লঙ্ঘন করে ডিলার নিয়োগের সুপারিশ করায় বাদ পড়েছেন প্রকৃত ব্যবসায়ী। এমন ঘটনা ঘটেছে বারদী ও কাঁচপুর ইউনিয়নে।
ডিলার নিয়োগে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করেছেন উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী শাহিন আলম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো তদন্ত প্রতিবেদনে ডিলারশিপ পাওয়ার যোগ্য নন এমন ব্যক্তিদেরও নিয়োগ দেওয়ার সুপারিশ করার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, তাঁর বাবা মারা যাওয়ায় ছুটিতে আছেন তিনি। প্রতিবেদনটি অন্য কেউ জমা দিয়েছেন। আবারও তদন্ত করবেন তিনি।
জানা গেছে, টিসিবির ডিলার নিয়োগের জন্য আবেদন করেন কাঁচপুর ও বারদী ইউনিয়নের ৯ ব্যবসায়ী। তারা প্রকৃত মুদিপণ্য ব্যবসায়ী কিনা, মুদিপণ্য ব্যবসায়ী হিসেবে তাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স আছে কিনা, মুদি দোকান আছে কিনা, দোকানে ১০ টন পণ্য ধারণক্ষমতা আছে কিনা, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে কর্মরত কিনা এসব তদন্ত করার দায়িত্ব পান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু তিনি তদন্তের দায়িত্ব সোনারগাঁ উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী শাহিন আলমের কাছে হস্তান্তর করেন। তিনি তদন্ত করে গত ৬ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে জান্নাতুল স্টোরের মালিক জামাল হোসেন ও ফাহিমা এন্টারপ্রাইজকে ডিলার নিয়োগ করা যেতে পারে বলে সুপারিশ করেন।
অন্য ব্যবসায়ীদের অভিযোগ, নীতিমালা তোয়াক্কা না করে জান্নাতুল স্টোর ও ফাহিমা এন্টারপ্রাইজ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে যোগ্য বলে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকৃত পক্ষে জান্নাতুল স্টোর ও ফাহিমা এন্টারপ্রাইজ কোনো মুদিপণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়।
শান্তির বাজারে দেখা যায়, জান্নাতুল স্টোরের মালিক কোনো মুদিপণ্য ব্যবসায়ী নন। মালিক জামাল হোসেন ওই দোকানে কোকারিজ পণ্য বিক্রি করছেন। দোকানের সাইনবোর্ডেও জান্নাতুল কোকারিজ লেখা রয়েছে। সেখানে মুদিপণ্যের অস্তিত্ব নেই।
বারদী বাজারে গিয়ে জানা যায়, সেখানে ফাহিমা এন্টারপ্রাইজ নামে কোনো মুদি দোকান নেই। লোকমান নামে এক ব্যক্তির দোকানকে তদন্ত কর্মকর্তার কাছে তাঁর নিজের দোকান বলে দাবি করেন। ফাহিমা আক্তার নিজেই দাবি করেন তাঁর কোনো মুদি দোকান নেই। তিনি মুদিপণ্য ব্যবসায়ী নন। এ ছাড়া তাঁর স্বামী সনমান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল স্টোরের মালিক জামাল হোসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপুর ভাই। এ ছাড়া ফাহিমা এন্টারপ্রাইজের মালিক ফাহিমা আক্তার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের ভাগিনার স্ত্রী। যে কারণে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শাহিন আলমের তদন্তের পরও প্রতিষ্ঠান দুটিকে টিসিবির ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
কাঁচপুর ইউনিয়নের ডিলারশিপের জন্য আবেদন করেন চারজন। টিসিবির ডিলার নিয়োগে সরকারের দেওয়া নীতিমালা পূরণ করতে না পারায় প্রতিবেদনে তাদের কাউকে সুপারিশ করা হয়নি।
উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী শাহিন আলম জানান, প্রত্যেক আবেদনকারীর প্রতিষ্ঠানে গিয়েছেন তিনি। তাঁর বাবা মারা যাওয়ার কারণে তিনি ছুটিতে রয়েছেন। ইউএনও কার্যালয়ের কেউ তাঁর পক্ষে এই প্রতিবেদন দাখিল করেছেন। তিনি প্রতিবেদনটি দেননি বলে দাবি করেছেন। তিনি পুনরায় তদন্ত করবেন বলে জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা ওসি আসিফ আল জিনাত বলেন, দুটি ইউনিয়নে ৯ জন আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করে সঠিক প্রতিবেদন দাখিল করা হয়েছে। কাউকে সুপারিশ করা হয়নি। প্রতিবেদনে সুপারিশ আছে কিনা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- টিসিবি