এসএসসি পরীক্ষা
বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম এসএসসির ফল ঘোষণা করেন। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৪:২৫ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১৪:২৬
চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার গতবছরের চেয়ে বেড়েছে। এবার পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গত বছর ছিলো ৫৬ দশমিক ৩৮। অর্থাৎ পাশের হার বেড়েছে। তবে গতবছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিলো ৩ হাজার ১১৪ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম আজ সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।
ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার পাসের হার ৩ দশমিক ৯৭ ভাগ বেশি। এবার বরিশাল বোর্ডে ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। ছেলে পরীক্ষার্থী ৩৭ হাজার ৫৪৫ জন, মেয়ে পরীক্ষার্থী ছিলো ৪২ হাজার ৯১৩ জন। ছেলেদের মধ্যে ১৯ হাজার ৯৫৫ জন, মেয়ে পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৬০০ জন পাশ করেছে।
পাসের হারসহ সব ক্ষেত্রে মেয়ে পরীক্ষার্থীরা ছেলেদের চেয়ে ভালো করেছে। ছেলেদের পাসের হার ৫৩ দশমিক ১৫ এবং মেয়ে পরীক্ষার্থীরা ৬৬ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৪ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে। এক হাজার ১৯৩ জন ছেলে এবং এক হাজার ৫৮৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। বিভাগভিত্তিক পাশের হার হলো- বিজ্ঞান বিভাগে ৮৩ দশমিক ৯৯, বাণিজ্য বিভাগে ৫৬ দশমিক ৫৩ এবং মানবিক বিভাগে ৪৯ দশমিক ৩৪।
বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাঁচটি বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীও পাস করেনি। বিদ্যালয়গুলো হলো- ঝালকাঠী সদর উপজেলার শংকরকাঠী নব আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাঠালিয়া উপজেলার বানী রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদরের পোড়গোলা মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গয়েজউদ্দিন নুরমোহম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর রত্নপুর পংকজ নাথ মাধ্যমিক বিদ্যালয়।
- বিষয় :
- এসএসসি পরীক্ষার্থী
- এসএসসি