পরীক্ষায় অকৃতকার্য দুই ছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ ও বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৪:০১
রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য দুই ছাত্রী গতকাল সোমবার আত্মহত্যা করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গতকাল এসএসসির ফল প্রকাশ হলে হতাশ হয়ে পড়ে ওই ছাত্রী। সে ইংরেজি বাদে সব বিষয়ে পাস করেছে। হতাশা থেকে সে এক পর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয় ওই মেয়েটিকে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান এই চিকিৎসক।
এদিকে বাগমারার ঘটনায় পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিদ্যালয়ে সব সময় ভালো ফলাফল করত। তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। গতকাল নিজ মোবাইলে পরীক্ষার ফল দেখার পর সে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এক পর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ওই ছাত্রীর মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
- বিষয় :
- রাজশাহী
- এসএসসি পরীক্ষার্থী
- আত্মহত্যা