ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

৪৫ বছরে এসএসসি পাস করলেন পেশায় কাঠমিস্ত্রি নাসিমুল

৪৫ বছরে এসএসসি পাস করলেন পেশায় কাঠমিস্ত্রি নাসিমুল
×

নাসিমুল হক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৪:০৯

সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার মধ্যেও পড়াশোনার স্বপ্ন ছাড়েননি নাসিমুল হক। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন এই যুবক। রাজশাহী কমার্স কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

নাসিমুল হক উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। পাশাপাশি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের দায়িত্ব পালন করছেন তিনি।

গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাঁর সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ বয়সে কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করায় অনেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে নাসিমুল হক বলেন, সংসার ও কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। ২০০২ সালে পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরতে হয়েছিল। এরপর আর পড়াশোনা করা হয়নি। তবে মনের মধ্যে স্বপ্নটা সবসময়ই ছিল। সেই স্বপ্ন থেকেই আবার পড়াশোনা শুরু করি। ফল হাতে পেয়ে খুব ভালো লাগছে। এসএসসি পাসের পর আরও পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাসিমুল জানান, তাঁর এক মেয়ে ও দুই ছেলে। সন্তানদের জন্যও তিনি গর্বিত হতে চান এবং তাদের পড়াশোনায় উৎসাহ দিতে চান। 

স্থানীয়রা বলেন, নাসিমুল হক দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করছেন। কাজের পাশাপাশি ৪৫ বছর বয়সে পড়াশোনা করে এসএসসি পাস করা সত্যিই প্রশংসনীয়। তাঁর সাফল্য এলাকার অন্যদেরও পড়াশোনার প্রতি আগ্রহী করবে।

ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসারের দায়িত্ব পালন করে একজন মানুষ যে ৪৫ বছর বয়সেও পড়াশোনা করে ভালো ফল করতে পারেন, নাসিমুল হক তার উদাহরণ। তাঁর এই অর্জনে আমরা আনন্দিত এবং তাঁকে অভিনন্দন জানাই।

আরও পড়ুন

×