ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সংবাদপত্র বিলি পেশা আর পাঠকই প্রেরণা

সংবাদপত্র বিলি পেশা আর পাঠকই প্রেরণা
×

ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে সংবাদপত্র বিক্রি করছেন আব্দুল মান্নান সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

ঝড়-বৃষ্টি, তাপদাহ, শৈত্যপ্রবাহ, সিডর-আইলার মতো দুর্যোগ, এমনকি ১০৪ ডিগ্রি জ্বরও থামাতে পারেনি তাঁকে। টানা ৪৬ বছর ধরে প্রতিদিন ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদপত্র পাঠকের হাতে পৌঁছে দিচ্ছেন ঈশ্বরদীর প্রবীণ পত্রিকা বিক্রেতা আব্দুল মান্নান। সংবাদপত্রের ছুটির দিন ছাড়া এই দীর্ঘ সময়ে এক দিনের জন্যও দায়িত্বে বিরতি নেননি ৬৫ বছর বয়সী এই মানুষটি। প্রতিদিন একটি সাইকেল এক গুচ্ছ সংবাদপত্র নিয়েই কেটে গেছে ৪৬ বছরের কর্মজীন। 
পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি দাঁইড়পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের জন্ম। ১৯৮০ সালে মাত্র ১৮ বছর বয়সে সংবাদপত্র বিক্রির পেশায় যুক্ত হন। তখন ঈশ্বরদীতে জাতীয় দৈনিকগুলো আসত বাংলাদেশ বিমানের ফ্লাইটে। দৈনিক সংবাদ কিংবা ইত্তেফাক-এর এক কপির দাম ছিল মাত্র ৭০ পয়সা। সেই সময় দৈনিক আজাদ, সংবাদ, ইত্তেফাক, বার্তা, বাংলাদেশ অবজারভারসহ বিভিন্ন জাতীয় পত্রিকা বিক্রির মধ্য দিয়ে পথচলা শুরু আব্দুল মান্নানের।

আব্দুল মান্নান বলেন, ‘পত্রিকা বিলি করা আমার কাছে শুধু জীবিকা নয়, এটি দায়িত্বও। প্রতিদিন সকালে পাঠকরা পত্রিকার অপেক্ষায় থাকেন। তাই শরীর খারাপ হলেও দায়িত্ব থেকে সরে দাঁড়াইনি।’ তিনি জানান, ভোর ৬টায় বাড়ি থেকে একটি পুরোনো সাইকেল নিয়ে বের হন। দাশুড়িয়া, মুলাডুলি, শেরশাহ রোড, পৌরসভা এলাকা, ইক্ষু গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র, আলহাজ মোড়সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় ৪৫ কিলোমিটার সাইকেল চালিয়ে সংবাদপত্র পৌঁছে দেন। জাতীয় দৈনিকের পাশাপাশি স্থানীয় সাপ্তাহিক ও আঞ্চলিক পত্রিকাও নিয়মিত বিতরণ করেন।
সময়ের পরিবর্তনে পত্রিকার দাম যেমন বেড়েছে, তেমনি কমেছে ছাপা পত্রিকার পাঠক। অনলাইন সংবাদমাধ্যমের বিস্তারে অনেক হকারই পেশা ছেড়ে দিয়েছেন। আব্দুল মান্নান এখনও আঁকড়ে আছেন তাঁর চার দশকেরও বেশি সময়ের পুরোনো পেশা।
তিনি বলেন, ‘আগের তুলনায় আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। সংসার চালানো কঠিন হয়ে গেছে। বয়সও হয়েছে, শরীর আগের মতো সাড়া দেয় না। তবুও যতদিন পারি, পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে 
দিতে চাই।’

ঈশ্বরদীর সংবাদপত্র পরিবেশক প্রতিষ্ঠান শেফালী পত্রিকা বিতান-এর স্বত্বাধিকারী সোহানুর রহমান খান শুভ বলেন, ‘আমার জন্মেরও আগে থেকে আব্দুল মান্নান এই পেশায় আছেন। ছোটবেলা থেকে দেখে আসছি, দায়িত্ব পালনে তিনি কতটা আন্তরিক ও নিষ্ঠাবান।’
ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ সমকাল প্রতিবেদককে বলেন, ‘দীর্ঘ ৪৬ 
বছর ধরে সংবাদপত্র পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আব্দুল মান্নান এক অনন্য 
দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংবাদপত্র শিল্পের নীরব এই সৈনিকের অবদান নিঃসন্দেহে সম্মানের দাবিদার।’

আরও পড়ুন

×