সীমান্তে ‘পাল্টাপাল্টি’ আটক, পতাকা বৈঠকে তিনজনের মুক্তি
ভারতের দুই নাগরিক শচীন কর্মকার ও শ্রী নারায়ন দেব
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৭:২৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১৭:৫৩
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৬৫) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয়কে তুলে এনে বিজিবির কাছে সোপর্দ করে গ্রামবাসী। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের আটক নাগরিকদের ফেরত দেওয়া হয়।
আটক আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে তার জমির মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীনস্ত ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন এর নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল তাকে ধরে নিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে কিছুক্ষণ পরেই স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়-স্বজনরা সীমান্তের পাশে কৃষি কাজ করার সময় ভারতীয় নাগরিক নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন কর্মকার (৬৫) ও একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী নারায়ন দেবকে (৩৫) ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে ইছাখালী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান এবং দুই ভারতীয় নাগরিক সচিন কর্মকার ও নারায়ণ দেবকে ছেড়ে দেয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের ইছাখালী বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ অন্যদিকে বিএসএফ এর পক্ষে নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।
এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠকে সমাধান হয়ে গেছে। তবে সীমান্তের সাধারণ মানুষ ও কৃষকরা যেন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
- বিষয় :
- ভারত
- বাংলাদেশ
- বিএসএফ
- বিজিবি
- পতাকা বৈঠক