গ্যাস লিকেজে অ্যাম্বুলেন্সে আগুন, পুড়ল ৮ মোটরসাইকেল
ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৯:০২
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনের গেটের সামনে গ্যাস লিকেজ হয়ে একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক ফরিদ হোসেন দগ্ধ হয়েছেন। আগুন ছড়িয়ে পাশে থাকা আটটি মোটরসাইকেলও পুড়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নেওয়ার জন্য একটি বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে আসে। রোগী ওঠানোর আগেই অ্যাম্বুলেন্সটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা মোটরসাইকেলগুলোতেও আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুর ১২টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি অ্যাম্বুলেন্স ও পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। ঘটনাস্থলটি হাসপাতালের দুইতলা ভবনের সামনে হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দুপুর ১২টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, বর্তমানে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন আ স মো. মাহাবুবুল আলম বলেন, মাসিক সভা চলার সময় হাসপাতালে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় পাশে থাকা আরও সাত থেকে আটটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মূল হাসপাতাল ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দগ্ধ অ্যাম্বুলেন্সচালক ফরিদ হোসেনকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- গ্যাস লিকেজ
- অ্যাম্বুলেন্স
- আগুন
- দগ্ধ