সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ
কালো টেপ দিয়ে মোড়ানো প্রেশার কুকার পড়ে আছে মাঠে। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১২:৩৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১২:৪৯
সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার পাওয়া গেছে। এটি প্রেসার কুকার বোমা কি না, তা নিশ্চিত হতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয় লোকজন। ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার ছিল। পরে স্থানীয়রা প্রেসার কুকারটি ড্রাম থেকে বের করে মাঠে রেখে দেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনজন অজ্ঞাত ব্যক্তি রাতে ড্রামটি মাঠে রেখে গেছেন বলে স্থানীয়দের ধারণা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার সকালে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে প্রেসার কুকারটি ঘিরে রাখে পুলিশ। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফসহ একটি প্রেসার কুকার পাওয়া গেছে। এটি প্রেসার কুকার বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
এর আগে গত ৩১ জুলাই সাভারের পার্শ্ববর্তী আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনের বেঞ্চে ফেলে রাখা একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ প্রেশার কুকার পাওয়া যায়। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছিল।
- বিষয় :
- সাভার
- বোমাসদৃশ বস্তু