কর্মস্থলে যাওয়ার পথে ডাম্পার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের
নিহত আরমান মুরাদ ও মো. রুবেল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৬:০০
কক্সবাজারের টেকনাফে ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে একটি বিদেশি এনজিওর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকার আরমান মুরাদ এবং উখিয়ার পালংখালী পশ্চিম ফারিবিল এলাকার মো. রুবেল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে নিজেদের কর্মস্থল একটি এনজিও কার্যালয়ে যাচ্ছিলেন আরমান ও রুবেল। ঘিলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পালংখালীর একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ ডাম্পারটি জব্দ করেছে।
হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবছার উদ্দিন বলেন, সকালে ঘিলাতলী এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরমান ও রুবেল নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।