ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
×

সাঁকোর একটি অংশ ভেঙে পড়ে যান জামায়াত নেতারা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৬:৩৭ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৬:৩৯

নীলফামারীর ডিমলায় সংসদ সদস্যের সঙ্গে জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকোর একটি অংশ ভেঙে নদীর ধারে পড়ে গেছেন কয়েকজন জামায়াত নেতা-কর্মী। এ সময় অল্পের জন্য রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়ন সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হন।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠার কিছুক্ষণ পর কাঠের একটি অংশ মচকে যায়। মুহূর্তেই সাঁকোর ওই অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। এ সময় সেখানে হইচই শুরু হয়। পরে স্থানীয় লোকজন ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’

পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’

আরও পড়ুন

×