গফরগাঁওয়ে যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৮:১৫
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় ট্রেনটির যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
বুধবার সকাল সোয়া ৯টায় আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় আন্দোলনকারীরা।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০-১২ দিন ধরে আন্দোলন করে আসছেন। আজ সকালে তাঁরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনটি আটকে রাখেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে রেলওয়ে পুলিশ, মশাখালী স্টেশন মাস্টার এবং রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে কথা বলে তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। এতে প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে যান। সকাল সোয়া ৯টার দিকে আটকা পড়া আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
প্রশান্ত পাল আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মশাখালী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির ব্যাপারে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।