এসএসসিতে ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা
নুপুর কর্মকার
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২১:০০
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে পৌর এলাকার আনন্দধামে এ ঘটনা ঘটে।
নুপুর কর্মকার ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে মানবিক বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয় ও পারিবারের সদস্যরা জানান, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করে। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হচ্ছিল না।
নুপুরের বাবা খোকা কর্মকার জানান, ফল প্রকাশের পর মেয়েকে পরিবারের সদস্যরা সান্ত্বনা দিচ্ছিলেন। বুধবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- আত্মহত্যা
- এসএসসি
- পরীক্ষার্থী