ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেগুনা-বাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেগুনা-বাসের সংঘর্ষে নিহত ৪
×

ছবি: সমকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৬:০২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৬:০৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি জিটু গাড়ির (লেগুনা) সঙ্গে এসি বাসের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের স্থানে ঈদগাঁও হতে চকরিয়াগামী নম্বরবিহীন যাত্রীবাহী জিটু গাড়ির সঙ্গে লাল-সবুজের একটি এসি বাসের সংঘর্ষ হয়। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে হাসপাতালে ৪ যাত্রী মারা যান।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

অন্যদিকে, গুরুতর আহতরা হলেন- খুটাখালী নতুন অফিস মাদ্রাসাপাড়ার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯) ও আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কিরনতলী গ্রামের মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। আহতদের মধ্যে সৈয়দ করিম কক্সবাজার সদর হাসপাতালে এবং বাকি চারজন মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই শামশুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে পুলিশ গাড়ি দুটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×