ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দৌড়বিদের মৃত্যু

ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দৌড়বিদের মৃত্যু
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১১:২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামের এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে সোনারগাঁ রানার্সের আয়োজনে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে।

আয়োজকেরা জানান, পানাম নগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড় শুরু হয়। প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দিঘিরপাড় এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিপু সুলতান। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভূইয়া বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০০ দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে টিপু সুলতানও ছিলেন। অসুস্থ হওয়ার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
 

আরও পড়ুন

×