ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
×

প্রতীকী ছবি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৬:৪৪

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে পবিত্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার উজ্জ্বল মিস্ত্রি, সজল মিস্ত্রি, স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিত হামলা চালান। তারা হাতুড়ি, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাত এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন। একপর্যায়ে তারা কুড়াল দিয়ে কুপিয়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালান।

পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বানারীপাড়া থানায় নিলে সেখান থেকে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক।

হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×