গণভোটের রায়কে খণ্ডিতভাবে বাস্তবায়নের সুযোগ নেই: গোলাম পরওয়ার
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ২০:২১
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় খণ্ডিতভাবে বাস্তবায়নের সুযোগ নেই। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না।
শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে অন্যজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের ক্ষেত্রেও একটিকে গ্রহণ করে অন্যটিকে অস্বীকার করার চেষ্টা হচ্ছে।
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মেনে চলার কথা বলছেন। তবে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। তার দাবি, গণভোটের রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগ এবং সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বসহ গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ওপর জোর দেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, দলীয়করণ ও ভিন্নমতের ওপর হামলার কোনো স্থান নেই।’ ক্ষমতায় গিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাওয়াকে তিনি রাজনীতির একটি বড় ব্যাধি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট ভাঙতে তরুণদের এগিয়ে আসতে হবে।
খুলনার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণদের উদ্যোগের প্রশংসা করে গোলাম পরওয়ার বলেন, তরুণেরা মাদকবিরোধী মিছিল ও র্যালি করছেন, পুলিশকে সহযোগিতা করছেন। কোথাও কোথাও মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশের কাছে সোপর্দও করছেন। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে তরুণদের দূরে থাকার আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, মোবাইল ফোন বা প্রযুক্তি নিজে খারাপ নয়। পড়াশোনা, তথ্য অনুসন্ধান ও যোগাযোগের ক্ষেত্রে এর ভালো ব্যবহার রয়েছে। তবে অনৈতিক কনটেন্টে আসক্তি তরুণদের চরিত্র ধ্বংস করতে পারে।
জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান।
পরে খুলনা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়।
- বিষয় :
- খুলনা
- গোলাম পরওয়ার
- গণভোট