ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সেতুর নিচে মিলল তিন বস্তা ঘোড়ার চামড়া ও মাথা

সেতুর নিচে মিলল তিন বস্তা ঘোড়ার চামড়া ও মাথা
×

ম্যাপ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৩:৪৯

নান্দাইল উপজেলায় একটি সেতুর নিচ থেকে তিন বস্তা ঘোড়ার চামড়া ও ৩টি মাথা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামের সেতুর নিচে বস্তায় ভর্তি বর্জ্যগুলো দেখতে পান স্থানীয়রা।

জানা গেছে, চরলক্ষ্মীদিয়া গ্রামে থাকা একটি সেতুর নিচে পানিতে বড় তিনটি বস্তা ভেসে থাকতে দেখেন তারা। বস্তাগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। তাদের মধ্যে কয়েকজন সেখানে গিয়ে বস্তাগুলো খোলেন। এ সময় প্রতিটি বস্তার ভেতর জবাই করা ঘোড়ার মাথা ও চামড়া দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

এলাকাবাসীর ধারণা, আশপাশের কোনো অসাদু কসাই চক্র মাংস বিক্রি করে ভয়ে এগুলো বস্তায় ভর্তি করে পানিতে ফেলে দিয়ে গেছে। এই ঘটনার পর মাংস ক্রয়ে সাবধানতা অবলম্বন করতে হবে বলে বলাবলি করছেন।

স্থানীয় বাসিন্দা রাজু মিয়া ও সোহেল মিয়া জানান, কোনো অসাধু কসাই চক্র রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বাজারে বিক্রি করেছে। ধরা পড়ার ভয়ে চামড়া ও মাথাগুলো বস্তাবন্দি করে সেতুর নিচে ফেলে দেয়। তারা বলেন, বাজারে মাংসের দাম চড়া। ফলে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের যথাযথ তদারকির অভাবে অসাধু কসাইরা বেশি লাভের আশায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করছে। বাজারগুলোতে নিয়মিত অভিযান চালানো ছাড়া এ ধরনের অপতৎপরতা বন্ধ হবে না।

উপজেলা ভোক্তা অধিকার পরিদর্শক মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এটি মূলত উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দেখার বিষয়, তবুও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম আব্দুল্লাহ আল মামুন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাৎক্ষণিকভাবে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। স্যানিটারি ইন্সপেক্টর যদি বাজারগুলোতে নিয়মিত তদারকি করেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধ করা সম্ভব। দ্রুতই মাংস ব্যবসায়ীদের নিয়ে একটি সচেতনতামূলক সভা করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন

×