ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিশেষায়িত হাসপাতালেই হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস

বিশেষায়িত হাসপাতালেই হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস
×

লোগো

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৪:৩৮

খুলনা বিশেষায়িত হাসপাতালকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১২ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব উপাচার্যকে চিঠি দিয়ে এ তথ্য জানান। শুক্রবার চিঠিটি উপাচার্যের কাছে পৌঁছায়।

চিঠিতে বলা হয়, ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার স্বার্থে খুলনা বিশেষায়িত হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করা হলো।’

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে আইন পাসের মধ্য দিয়ে খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ যাত্রা শুরু করে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে রাখে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’। ২০২১ সালেই নিরালা আবাসিক এলাকার একটি ভবনের ৬টি ফ্লোর ভাড়া করে অস্থায়ী প্রশাসনিক কার্যালয় স্থাপন করা হয়। সেখানে উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪২। প্রতিষ্ঠার ৬ বছরেও শুরু হয়নি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম। এ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস স্থাপনের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে গত ৯ জুলাই দৈনিক সমকালে ‘প্রতিষ্ঠার ৬ বছরেও শিক্ষাসেবা ও গবেষণা নেই, বিশেষায়িত হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাস চালুর প্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

সংবাদে উল্লেখ করা হয়, নিজস্ব ক্যাম্পাস না থাকা, জমি অধিগ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে সময় লাগায় চিকিৎসকরা অলস সময় কাটাচ্ছেন। ভাড়া করা বাড়িতে অস্থায়ী কার্যালয় স্থাপন করায় শুধু ভাড়া বাবদ বছরে ব্যয় হচ্ছে প্রায় ৩৬ লাখ টাকা। বিশেষায়িত হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাস চালু হলে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করা সম্ভব হবে। তখন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালে দায়িত্ব পালন করায় সেবার মানও বাড়বে। এ ছাড়া বিপুল পরিমাণ বাড়তি ব্যয় সাশ্রয় হবে।

পরে খুলনার জনপ্রতিনিধিরাও বিষয়টির দ্রুত অনুমোদন দিতে স্বাস্থ্যমন্ত্রীকে আধা-সরকারি পত্র (ডিও) দেন। অবশেষে বিষয়টি অনুমোদন হলো।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, ‘খুলনা বিশেষায়িত হাসপাতালকে ক্যাম্পাস হিসেবে ব্যবহারের অনুমতি আমাদের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে দ্রুত আমরা বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কাজ শুরু করতে পারব। এর সুফল ভোগ করবে এই বিভাগের দুই কোটি মানুষ।’

আরও পড়ুন

×