কবরস্থান নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২০
শুক্রবার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভিড় করেন সংঘর্ষে আহতরা সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:২৩
| প্রিন্ট সংস্করণ
কলমাকান্দায় কবরস্থান ও দোকান নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রংছাতি ইউনিয়নের আমগড়া ও পানেশ্বর পাড়ায় এই সংঘর্ষ চলে। এ সময় ৫০-৬০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে।
জানা গেছে, আমগড়া, পুলিয়া ও পানেশ্বর পাড়ার মধ্যবর্তী ১৮ কাঠা (১৪৪ শতাংশ) আয়তনের কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমগড়া গ্রামের কয়েকজন বাসিন্দা কবরস্থানের রাস্তার পাশে দোকান নির্মাণ করে বাজার বসানোর উদ্যোগ নিলে পানেশ্বর পাড়ার লোকজন বাধা দেন। তাদের দাবি, জায়গাটি ওয়াকফ সম্পত্তি এবং কেবল কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত।
বিরোধ নিষ্পত্তিতে প্রায় ১৫ দিন আগে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়। তবে গতকাল শুক্রবার সকালে কবরস্থানে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিয়া ও পানেশ্বর পাড়ার ৫০-৬০টি বাড়িঘর ও দোকানে ভাঙচুর করা হয়। বিয়েবাড়ির গেট ও গরুর খামারও রক্ষা পায়নি। পানেশ্বর পাড়ার বাসিন্দারা দাবি করেন, হামলার সময় প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট হয়েছে। এতে অন্তত ১২০ জন আহত হয়েছেন।
পানেশ্বর পাড়ার আব্দুল ওয়াহাব জানান, কবরস্থানটি ৮০-৯০ বছর ধরে তাদের বাবা-দাদারা হেফাজত করে আসছেন। আমগড়ার লোকজন সেখানে দোকান করতে চায়। শুক্রবার কয়েকজনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অস্বীকার করেছেন আমগড়া গ্রামের কামাল পাশা। তিনি বলেন, ‘কবরস্থানে আধিপত্য নিয়েই সংঘর্ষের সূত্রপাত। আমাদের পক্ষের ৫৪ জন আহত হয়েছেন।’ তার দাবি, সালিশের পর পানেশ্বর পাড়ার লোকজন সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- স্বাস্থ্য কমপ্লেক্স