টেনিস বল ভেবে হাতবোমা নিয়ে খেলছিল শিক্ষার্থীরা, বিস্ফোরণে আহত ৪
ছবি- সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৪:৩০ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৪:৩৮
মাদারীপুরের কালকিনিতে টেনিস বলসদৃশ একটি হাতবোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে চার ছাত্রী আহত হয়েছে। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসছিল। এ সময় মাদ্রাসার ভেতরে ইমন সরদারের বসতঘরের সামনে কয়েকজন শিক্ষার্থী টেনিস বলসদৃশ একটি বস্তু নিয়ে খেলছিল। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে চার ছাত্রী আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিদা আক্তারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বস্তুটি কীভাবে এবং কোথা থেকে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
- বিষয় :
- মাদারীপুর
- বোমা বিস্ফোরণ
- আহত
- শিক্ষার্থী